গুরুতর অসুস্থ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের সমন্বয়ক ডাক্তার মহিবুল্লাহ খন্দকার শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

ডাক্তার মহিবুল্লাহ বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই দিন আগে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরীর বর্তমান অবস্থা সম্পর্কে ডাক্তার মহিবুল্লাহ বলেন, তার (ডাক্তার জাফরুল্লাহ) শারীরিক অবস্থা মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়। আবার ইম্প্রুভ করে। তার শরীর এমনিতেই খারাপ। বয়সও বেশি। দুই দিন ধরে তার অবস্থা একটু ক্রিটিক্যাল।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস করতে হয় বলে জানান ডাক্তার মহিবুল্লাহ। তিনি বলেন, কিডনির সমস্যার পাশাপাশি অন্যান্য জটিলতা এখন সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এখন অবস্থা জটিল। তবে অবস্থা স্থিতিশীল আছে।

আজ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকেরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মুহূর্তে সবার দোয়া খুবই দরকার।

ডাক্তার জাফরুল্লাহ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *