বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনেই তারা ঝলসে যাবে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটাতে যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সেই আগুনে নিজেরাই ঝলসে যাবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আগুন লাগানোর অভ্যাস বিএনপির রয়েছে, সরকার হটানোর জন্য যে আগুন নিয়ে তারা খেলছে, সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো ২০১৩, ১৪, ১৫ সালের প্রাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। কোনও সন্ত্রাসে বিশ্বাস করে না।

ওবায়দুল কাদের বলেন, আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল ইসলাম। লজ্জা-শরম থাকলে অন্যের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতো না। আওয়ামী যড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বার বার।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোটচুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসজুড়ে বিএনপি নেতারা সামর্থবানদের নিয়ে ইফতার পার্টি করে। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য এটাই। এটাই খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্যে ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?

আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীমসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *