নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে একটি বন্য হাতির লাশ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা পশ্চিম বাকাকুড়া গ্রামের একটি ধানখেত থেকে হাতিটির লাশ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে সীমান্তের ওপার থেকে খাবারের সন্ধানে একদল বন্য হাতি শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে নেমে আসছে। হাতিগুলো ওই এলাকার কৃষকদের পাকা ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিবাগত রাতে একদল হাতি ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের ধানখেতে নেমে বোরো ধান নষ্ট করে। এ সময় একটি হাতি ধানখেতের কাঁদাপানিতে আটকে মারা যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল থেকে হাতিটির লাশ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। মৃত হাতিটি পুরুষ। বয়স সাড়ে তিন থেকে চার বছর বলে জানিয়েছে বন বিভাগ।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা বন্য প্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার সরকার বলেন, চলতি বছর এই প্রথম হাতির লাশ উদ্ধার হলো। এর আগে ২০২২ সালে দুটি এবং ২০২১ সালে তিনটি হাতির লাশ উদ্ধার করা হয়েছিল।
বন্যহাতি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply