ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক: বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। এতে একজন নারীসহ পাঁচ জন প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স পুরস্কার’ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার দেয়া হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন।

দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে ছিল বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা, সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সরকারের উদ্যোগগুলো নিয়ে আলোচনা ও রেমিট্যান্স পুরস্কার প্রদান। অনুষ্ঠানে রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিরাও বক্তব্য দেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব সরকার উল্লেখ করে প্রবাসীদের জন্য দূতাবাসের সেবার মান আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্তি করেন।

ইতালি প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য সেবার মান বৃদ্ধি করার জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

২০২৩ সালের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন- ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) জিয়া উদ্দিন, মোহাম্মদ মাহফুজুল হক, মোহাম্মদ ওমর ফারুক এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্টের স্বত্বাধিকারী নিবাশ চক্রবর্তী।

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।

রেমিট্যান্স পুরস্কার/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *