বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। গতকাল রাত একটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি) কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সোমবার সন্ধ্যার পর পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের ২৫ গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছেন।

ইফতেখার হোসেন আরও বলেন, ঘটনার পর থেকেই আমাদের পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই যুবক কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি মাদক বা চোরাকারবারে যুক্ত কি না, সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ের বিস্তারিত পরে বলা যাবে।

নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেন। পরে বিএসএফ একটি অ্যাম্বুলেন্সে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। কামাল মাদক বা চোরাকারবারের সাথে জড়িত নন। তিনি পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করতেন। এতে যা আয় হতো, তা দিয়ে সংসার চলত তার।

সীমান্ত হত্যা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *