গত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪০৮ জন।
দেশে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৮ হাজার ৫১১ জন রোগী রয়েছেন। গতকালের চেয়ে আজ ১৫৬ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬১৭ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৯৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৩ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন।
ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের ৮ জন, রাজধানীর বাইরের ১ জন, নারায়ণগঞ্জের ১ জন, চট্টগ্রাম শহরের ৪ জন, কক্সবাজারের ১ জন, চাঁদপুরের ৩ জন, ময়মনসিংহ শহরের ১ জন, সিলেট বিভাগের সিলেট সিটি করপোরেশন এলাকায় ১ জন এবং সিলেটের অন্যান্য স্থানের ২ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে মারা গেছেন ৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় ১ জনকে।
মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৪টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১১ হাজার ১৩৮টি। গতকালের চেয়ে আজ ৯৬৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২৬২টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ২০৭টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৫৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪টি।
নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, নৌ ও সমুদ্রবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় কেউ আসেননি। শুধু স্থলবন্দর দিয়ে আগত ৪৭ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৬ লাখ ৯১ হাজার ৭৭৯ জনকে স্কিনিং করা হয়েছে।
















Leave a Reply