১৪ ফেব্রুয়ারী ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার দল কখনও ষড়যন্ত্র করে না। বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে।
ওবায়দুল কাদের বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে।
দেশে এখন আন্দোলনের কোন ইস্যু মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।
সরকার নাকি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আল জাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে সব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে সে সব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে।
নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের/এসকেএম/রমু
















Leave a Reply