১৮ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হয়েছে আইপিএল ২১-এর নিলাম কার্যক্রম। সেখানে নিলামের ২ নম্বর সেটে ছিল সাকিবের নাম।
আইপিএলের নিলামে শুরুর দিকেই সাকিবের নাম ওঠে। শুরুতে তার ভিত্তিমূল্য হয় ২ কোটি রুপি।
প্রথম ডাকেই সাকিবের দাম ২ কোটি ২০ লাখ রুপি হাঁকায় কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ৪০ লাখ হাঁকায় কিংস ইলাভেন পাঞ্জাব। এ দুই ফ্রাঞ্চাইজির মধ্যে বেশি কিছু সময় কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
সাকিব কেকেআরের সাবেক তারকা। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও আইপিএল মাতিয়েছেন। ২০১১ সাল থেকে আইপিএলে অংশগ্রহণ করে আসছেন এ অলরাউন্ডার। ২০১১ থেকে ২০১৭ আইপিএল পর্যন্ত কেকেআরে ছিলেন। ২০১৮ আইপিএলে সম্পর্কে ছেদ করে কলকাতা ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদ যোগ দেন।
তবে এক বছরের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে আসরে খেলতে পারেননি তিনি। এক আসর বিরতি দিয়ে আবার আইপিএল নিলামে সাকিব ফিরেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply