গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন ৬৭২ জন। আজ গতকালের চেয়ে ১৮ জন কম মারা গেছেন। আগের দিন মারা যান রেকর্ড সংখ্যক ৪০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৮১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৪৯ হাজার ৫৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৮১৬ জন।
গতকালের চেয়ে আজ ১৬৪ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৫৪৫ জন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
অঞ্চল বিবেচনায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন। ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৬ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।
নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্ত করার জন্য গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ২২৯টি। গত ২৪ ঘন্টায় দেশে ৫২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৪৯ জনকে, ছাড়া পেয়েছেন ২২২ জন, বর্তমানে আইসোলেশনে আছেন ৬ হাজার ২১ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ২৩৮ জন। নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৫৬০ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ২ হাজার ৯৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে।
















Leave a Reply