নিউজ ডেস্ক: ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলিকে গণমাধ্যমের মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজন করে ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩’। প্রতিযোগিতায় প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে দৈনিক প্রথম আলোর নাজনীন আকতার এবং ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে এটিএন বাংলার মোহাম্মদ শরফুল আলম বিজয়ী হয়েছেন।
প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে প্রথম ও দ্বিতীয় রানার আপ হলেন দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদা পারভেজ ছন্দা ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফয়সাল খান। এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক জাকিয়া আকতার ও চ্যানেলন টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা।
শনিবার দুপুরে লেক শোর হোটেল গুলশানের লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত সম্মননা প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দারিদ্র দূর করতে হবে। কারণ দারিদ্র থাকলে অনেক কিছুই করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা এখন অনেক ভাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।
তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করে এবং বিজয়ীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মোহাম্মদ মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী সালাউদ্দিন লাভলু ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহানা হুদা রঞ্জনা। তাদের বিবেচনায় ‘স্কুলে অভূক্ত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষতি’ বিষয়ক রিপোর্টের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর নাজনীন আকতার। এছাড়া দুই রানার আপ হয়েছেন ‘হারিয়ে যাচ্ছে মাঠ, চার দেয়ালে ভবিষ্যৎ প্রজন্ম’ প্রতিবেদনের জন্য ছন্দা ও ‘দখলমুক্ত মাঠেও খেলতে মানা’ প্রতিবেদনের জন্য ফয়সাল।
মিডিয়া কম্পিটিশন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














