কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: কয়েকদিনের টানা বর্ষণে ক্ষয়ক্ষতি এড়াতে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। তবে আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোনও জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।

শনিবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আজ ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) রাঙামাটি জোনের সভাপতি মঈনউদ্দিন সেলিম বলেন, কয়েকদিনের টানা বর্ষণের কারণে এই মুহূর্তে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামছে। যেকোনো ধরণের নৌ দুর্ঘটনা এড়াতে রাঙামাটি জেলা প্রশাসন থেকে নৌ চলাচল বন্ধ রাখার ব্যাপারে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আমাদের লঞ্চগুলোকে সেই নির্দেশনা জানিয়ে দিয়েছি। জেলা প্রশাসন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখব।

রাঙামাটিতে গত কয়েকদিন যাবত টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। পাহাড় ধসের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

কাপ্তাই হ্রদ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *