নিউজ ডেস্ক: কুয়েতে প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশি। নিহত মোহাম্মদ আমির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মমিনুল হকের বড় ছেলে।
শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কের ওফরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমির হোসেনের নির্মম মৃত্যুর সংবাদ জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের প্রতিবেশী কুয়েত প্রবাসী মোহাম্মদ টিপু জানান, শনিবার কাজ শেষ করে আমিরসহ তিনজন প্রাইভেটকারে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে ওফরা এলাকায় তাদের গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমির নিহত হন। এ ঘটনায় অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে ১১ ফেব্রুয়ারি রোববার সকালে আহত আরেকজন মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশি হলেও তার পরিচয় জানা যায়নি।
আমিরের মরদেহ কুয়েত সিটির ওফরা হসপিটালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পারিবারিক সূত্র জানায়, ১৬ বছর আগে জীবিকার তাগিদে আমির কুয়েতে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিকের কাজ করতেন। পরিবারে তার এক মেয়ে, এক ছেলে, স্ত্রী ও মা-বাবা রয়েছে। উপার্জনক্ষম আমির হোসেনকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ইয়াকুবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, প্রবাসীদের সহযোগিতায় কুয়েতে নিহত আমিরের মরদেহ দেশে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
কুয়েত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply