স্পোর্টস ডেস্ক: স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এদিন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল আল আমিনের। কিন্তু হাজির হননি তিনি। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এদিন আল আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন। অন্যদিকে তার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীর আইনজীবী। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ক্রিকেটার আল আমিন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান।
মামলায় দাবি করা হয়েছে, আল আমিনের সাথে বিয়ে হয় ২০১২ সালে। পরে তাদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেয়ায় মারধর করেন আল আমিন বলে মামলায় অভিযোগ আনা হয়। পরে ইসরাত বাদী হয়ে ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় পৃথক মামলা করেন।
ওই মামলায় ৬ সেপ্টেম্বর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আল আমিন। শুনানি নিয়ে উচ্চ আদালত আল আমিনকে জামিন মঞ্জুর করেন।
আল আমিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply