নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসন পাওয়া জাতীয় পার্টি (জাপা) তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে। একই সাথে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে সংসদীয় দলের উপনেতা এবং দলের মহাসচিব মুজিবুল হককে (চুন্নু) সংসদীয় দলের চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। জাপার নেতারা বলছেন, তারা এ সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানাবেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। জাপা সূত্রে জানা গেছে, সভায় সংসদীয় দলের নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচিত করা হয়। সন্ধ্যার পর জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিরা। তারা মিলে জোটবদ্ধ (গ্রুপ) হলে তারাই হবে প্রধান বিরোধী দল এবং তাদের একজন হবেন বিরোধীদলীয় নেতা। আর যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা জোটবদ্ধ না হন, তাহলে একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিই আবার প্রধান বিরোধী দল হবে।
জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। তবে বিরোধী দলের নেতা কে হবেন, তা উল্লেখ আছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী, ‘বিরোধী দলের নেতা অর্থাত স্পিকারের বিবেচনামতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা।
৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ওই অধিবেশনেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ৩০ জানুয়ারির আগেই বিরোধী দলের বিষয়টি স্পষ্ট হবে।
জাতীয় পার্টি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply