টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়া ও কালবৈশাখীর আশঙ্কায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে পর্যটকের নিরাপত্তা স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তবে আবহাওয়া ভালো থাকলে কাল সোমবার থেকে পুনরায় এই নৌপথে জাহাজ চলাচল শুরু হতে পারে। এদিকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দেড় হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়েছেন।

জানা যায়, আজ সকাল থেকে টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকায় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হওয়া বইতে শুরু করে। এ অবস্থায় পর্যটকের নিরাপত্তা স্বার্থে সকাল থেকে কোনও জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছাড়তে দেয়নি স্থানীয় প্রশাসন। আজ দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১১টা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করেন টেকনাফের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী। পরে পর্যটকদের নিরাপত্তা স্বার্থে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কোনও পর্যটকবাহী জাহাজকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যেতে দেয়া হয়নি। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে কাল থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্ট মার্টিন দ্বীপের সি ফাইন্ড ও সি ব্লু রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম বলেন, তাদের দুটি রিসোর্টে ৩২টি কক্ষ আছে। জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটক আটকে পড়েছেন। যারা আটকে পড়েছেন, তাদের কাছ থেকে আজকে কোনও কক্ষ ভাড়া নেয়া হচ্ছে না।

টেকনাফের ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পর্যটকদের নিরাপত্তা স্বার্থেই আজ জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে সেন্ট মার্টিনে থাকা পর্যটকদের নিরাপত্তার জন্য স্থানীয় চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া হোটেল ও রেস্তোরাঁগুলোয় যেন অতিরিক্ত মূল্য না রাখা হয়, সে জন্যও বলা হয়েছে।

জাহাজ চলাচল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *