স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার সকালে রুবেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেখানে তিনি বলেন, লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যেতে চান রুবেল।
বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলার তার ক্যারিয়ারের অন্যতম অর্জন-এমন কথাও লেখেন রুবেল। জানালেন তরুণরা যদি বেশি সুযোগ পায় সেক্ষেত্রে দেশের পাইপলাইন আরও মজবুত হবে। যারা এতোদিন রুবেলের পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের এ পেসার।
সাদা বলের খেলায় দেশকে আরও বহু কিছু দেয়ার আছে এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন রুবেল।
পোস্টে রুবেল লিখেছেন, আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিসিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম….
বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।
রুবেল হোসেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply