৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): উচ্চ আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি জাদুঘরে চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এ বিষয়ে বললেন, জাদুঘর থেকে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, ঠিক সেভাবে বাংলাদেশেও নির্বাচন হবে।
বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপির অংশ নেয়া না বিষয় একান্তই তাদের বিষয় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বললেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। বিএনপি নির্বাচনে এলো কি এলো না, তা দেখার বিষয় না।
বিএনপি নেতাদের সংলাপ প্রসঙ্গে দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। বললেন, আপনাদের কে ডেকেছে সংলাপে? আপনাদেরকে কেউ সংলাপে ডাকছে না।
তিনি বলেন, আমাদের অভিভাবক শুন্য করতে বঙ্গবন্ধুকে আর নেতৃত্ব শুন্য করতে জাতীয় চার নেতাকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছিল। খুনীদের রক্ষা করতে কে তাদের বিদেশে পাঠিয়েছিল, পুরস্কৃত করেছিল? খুনীদের পুরস্কৃত, পুনর্বাসন করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার না করার অধ্যাদেশের বৈধতা দিয়েছিলেন জিয়াউর রহমান।
জিয়াউর রহমানকে ১৫ আগস্ট ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টার মাইন্ড বলে উল্লেখ করেন কাদের। বলেন, খুনীদের মতই একই অপরাধে তিনি (জিয়াউর রহমান) অপরাধী।
বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম-সহ অন্যান্যরা।
ওবায়দুল কাদের/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply