দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ

০৯ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুর্দান্ত জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড়  ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

জবাবে ৩৮ বল বাকী থাকতে ৬২ রানে গুটিয়ে যায় অজিরা। ফলে শেষ ম্যাচে জয় দিয়ে ৪-১ ব্যবধানে জিতে সিরিজ শেষ করল বাংলাদেশ।

এদিন উদ্বোধনে উড়ন্ত সূচনা করেছেন দুই ওপেনার নাইম-মাহেদি। প্রথম চার ওভারে বাংলাদেশকে ৩৫ রান উপহার দেন নাইম-মাহেদি। পঞ্চম ওভারের তৃতীয় বলে দলীয় ৪২ রানে মাহেদিকে থামান অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন টার্নার। ১২ বলে ১৩ রান করেন মাহেদি।

এরপর কিন্তু নবম ও দশম ওভারে আউট হন নাইম-সাকিব। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের শিকার হন  নাইম। ২০ বলে ১১ রান করে আউট হন সাকিব।

এরপর ১৪তম ওভারে থেমে যান মাহমুদুল্লাহও। ১৪ বলে ১৯ রান করে আগারের শিকার হন তিনি। পরের ওভারের পঞ্চম বলে থামতে হয় সৌম্যকে। ১৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ছয় নম্বরে নামা উইকেটরক্ষক ফেরান পেসার নাথান এলিস। ১৩ বলে ৮ রান করেন তিনি।বাকি শেষ ১৪ বলে মাত্র ১২ রান তুলে বাংলাদেশ। এতে ৮ উইকেটে ১২২ রানের সংগ্রহ পায় টাইগাররা।

১১ বলে ১টি ছক্কায় ১০ রান করে এলিসের  দ্বিতীয় শিকার হন আফিফ হোসেন। ৮ বলে ১টি চারে ৪ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক।

জয়ের জন্য ১২৩ রানের জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ইনিংসে নিজের প্রথম ও দ্বিতীয় ওভারে আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ক্রিস্টিয়ান ৩ ও মিচেল মার্শ ৪ রান করে ফিরেন। এরপর ২২ রান করা ওয়েডকে থামান সাকিব ওয়েডের আউটের পর ধ্বস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। সাকিব-সাইফুদ্দিনের বোলিং তোপে ১২ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৩ দশমিক ৪ ওভারে ৬২ রানে অলআউট হয় অজিরা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় রান।

ক্রিকেট/এসকেএম