নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব

২২ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। সিরিজ শেষে দুই সপ্তাহের মত বিশ্রাম পাবে তামিম ইকবালরা। তবে সাকিব আল হাসানের সফরটা আরও লম্বা হচ্ছে। মার্চে তৃতীয় সন্তানের বাবা হবেন সাকিব। এ সময় স্ত্রীর পাশে থাকতে হতে পারে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। এ কারণে সফরে নাও থাকতে পারেন সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের না যাওয়ার ব্যাপারে আমরা এখনও কোনও আনুষ্ঠানিক চিঠি পাইনি। যদি তিনি সফরে না যাওয়ার ব্যাপারে লিখিত আবেদন করেন তাহলে আমাদের অবশ্যই তার বিষয়টি বিবেচনা করতে হবে। 

নতুন বছরের শুরুতেই তৃতীয় সন্তানের বাবা হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানান সাকিব। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তাদের প্রথম সন্তান আলাইনা হাসান অব্রির জন্ম হয় ২০১৫ সালে। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানের বাবা হন সাকিব।  

সাকিবের স্ত্রী-সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানেই তৃতীয় সন্তান জন্ম দেয়ার পরিকল্পনা শিশিরের।

সাকিব আল হাসান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *