নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে লোহার রড উঠানোর সময় বিদ্যুৎস্পর্শে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস লিমিটেড নামক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস, একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মকুল মিয়ার ছেলে মনোয়ার হোসেন।
জানা যায়, লোহার রড বহুতল ভবনের ছাদে উঠানোর সময় রাস্তার পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে লোহার রডের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, কারখানার ভেতর চিৎকার শুনে কারখানার ভেতর এসে দেখি তিনজন রডের সাথে ঝুলে আছেন। এরপর উপস্থিত সবাই তাদের বাঁচানোর জন্য চেষ্টা করি। কিন্তু তাদের ছাড়ানো সম্ভব হয়নি। তাদের ছাড়াতে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নির্মাণাধীন ভবনের বালির নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতদের শরীর ঝলসে গেছে।
শ্রীপুর থানার এসআই ফুরকান মিয়া জানান, ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিদ্যুৎস্পর্শ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply