নিউজ ডেস্ক: পাকিস্তানের স্বপ্নে বিভোর বিএনপিকে সবক্ষেত্রে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বুধবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন প্রমাণ করেছে তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, চেতনায় পাকিস্তানকে লালন করে এবং দেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, সুতরাং তাদেরকে সমস্ত জায়গায় প্রতিহত করা হবে।
তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব তার বক্তব্যের মাধ্যমে পরিস্কার করেছেন, তারা হৃদয়ে পাকিস্তানকে লালন করেন। সুযোগ পেলে তারা এই বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলবেন। স্বাধীনতার ৫১ বছর পর তিনি তার বসতভিটায় বসে কিভাবে বলেন যে পাকিস্তানই ভালো ছিল! তার এই বক্তব্য মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা, মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি অবমাননা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।
তথ্যমন্ত্রী বলেন, মানবউন্নয়ন, সামাজিক, অর্থনৈতিকসহ সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে বহু আগেই অতিক্রম করেছি। যেখানে পাকিস্তান নিজেরাই বলছে, বাংলাদেশ তাদেরকে পেছনে ফেলে বহু দূর এগিয়ে গেছে, তারা আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে হা-হুতাশ করে, সেখানে মির্জা ফখরুল সাহেব বলেন- পাকিস্তানই ভাল ছিল! এই কথার মাধ্যমে বিএনপি মহাসচিব প্রমাণ করেছেন বিএনপি স্বাধীনতাবিরোধী। স্বাধীনতার ৫১ বছরে আমরা দেশটাকে স্বাধীনতাবিরোধীদের হাতে তুলে দিতে পারিনা।
তিনি বলেন, আজকে মির্জা ফখরুলের বক্তব্যে স্বাধীনতাবিরোধী হিসেবে প্রমাণিত বিএনপিকেও সব জায়গায় প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের সমাবেশ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তির প্রতি, বাংলাদেশের সাংস্কৃতিককর্মীদের প্রতি, ছাত্র-যুবক-জনতা সবার প্রতি এই আহ্বান জানাই।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply