পিকে হালদার আওয়ামী লীগের কেউ না

১৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পিকে হালদার আওয়ামী লীগের কেউ নয়। তিনি অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত। তার বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমে হবে।

সোমবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

অর্থ পাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রচার করতে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন। বলেন, অর্থ পাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দন্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তথ্য-প্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি ভালো নয়। ইতিহাস থেকে শিক্ষা নিন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরা কারবারি ও সন্ত্রাসের সাথে জড়িত, দলে তাদের স্থান কোনভাবেই হবে না। ভালো লোক ও ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকবে না।

শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলা মুক্ত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলংকমুক্ত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই পদ্মাসেতু আজ দৃশ্যমান, আগামী মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *