৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেছে। এখনও মূল আসামী দেলোয়ার হোসেন মিজানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মিজান নিহত রেদওয়ানার স্বামী।
মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ২২ মার্চ কন্যাসন্তান জন্ম দেন রেদওয়ানা। এরপর ২৭ মার্চ বিকেলে হাসপাতালের দোতলায় ১১ নম্বর কেবিনে রেদওয়ানাকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী মিজান। বালিশ চাপা ও গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড স্বামী।
মিজান পাবনা সদর থানার হেমায়েতপুর চর ভাঙ্গারিয়া গ্রামের এলাহী মোল্লার ছেলে। তিনি স্যোশাল ইসলামী ব্যাংক ভোলা সদরের মহাজনপট্টি শাখায় কর্মরত বলে জানা গেছে।
নিহত রেদওয়ানা ইসলাম রংপুর সদর থানার ইসলামপুর হনুমানতলার মৃত খন্দকার রফিকুল ইসলামের মেয়ে।
রেদওয়ানার পারিবারিক সুত্র জানায়, দুই বছর আগে মিজানের সাথে বিয়ে হয় রেদওয়ানার। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মিজান শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রেদওয়ানার ওপর। এতে এক পর্যায়ে তাদের দাম্পত্য কলহ প্রকাশ্য রূপ নেয়। কলহের জের ধরেই সন্তান প্রসবের পর ২৭ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালের বেডে মিজান রেদওয়ানাকে হত্যা করে।
২৮ মার্চ নিহতের ছোট ভাই খন্দকার আরশাদুল আবিদ বাদী হয়ে রেদওয়ানার স্বামী মিজানকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মিজানকে গ্রেপ্তার করতে পারেনি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রিজাউল হক বলেন, এই হত্যা মামলার মূল আসামী রেদওয়ানার স্বামী দেলোয়ার হোসেন মিজানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
হত্যা/টিটি/কিউটি














