নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি ফাঁকা মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শনিবার সকাল আটটার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আঙুলের ছাপ অনুযায়ী নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মোশারফ হোসেন। বাবার নাম আলী হোসেন। তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কুড়িহাটিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বলছেন, তিনি টঙ্গীতে রিকশা চালাতেন। তবে এ ব্যাপারে এখনও পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠের আশপাশে অনেক মানুষের ঘরবাড়ি। মাঝে ছোট একটি ফাঁকা জায়গা। সেখানে নির্মাণকাজে ব্যবহৃত ইট রাখা আছে। আজ সকালে হঠাৎ ওই জায়গায় এক তরুণের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক এ আর এম শাফায়েত উসমান বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের লাশ উদ্ধার করেন।
তিনি বলেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাত আছে। এটা হত্যাকাণ্ড, সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সেটা এখনও জানা যায়নি। নিহত ব্যক্তির আঙুলের ছাপ অনুযায়ী তারা যে ঠিকানা পেয়েছেন, সেখানে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
টঙ্গী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















