১৭ জুন ২০২১ (নিউজ ডেস্ক): দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারদের অংশগ্রহণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সমন্বয় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
এসময় মন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় আবশ্যিকভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন করতে হবে। এ খাতের উন্নয়নে সরকার বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। মাছ, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের বহুমুখীকরণে আমরা কাজ করছি। করোনার প্রতিকূল পরিস্থিতিতে দেশের মানুষকে বাঁচিয়ে রাখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, কর্মযজ্ঞ যাতে থেমে না যায় সেটা দেখা, অর্থনীতি যাতে স্থবির হয়ে না যায় সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা, বেকারত্ব যাতে দীর্ঘস্থায়ী না হয় সেজন্য তাদের উদ্যোক্তায় পরিণত করা, সাময়িক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা-এসব কিছু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, গতানুগতিক কর্মকান্ডের বাইরে প্রজাতন্ত্রের কর্মকর্তারা এখন অনেক দায়িত্ব পালন করছেন। সৃজনশীল কাজ করছেন। তাদের ফলপ্রসূ চিন্তা-চেতনা আরও সম্প্রসারিত হচ্ছে। এটি আজ সরকারকে সহায়তা করছে। কীভাবে উৎপাদন বাড়ানো যায়, একই সাথে রাষ্ট্রের অর্থ সাশ্রয় করা যায়। কীভাবে প্রজাতন্ত্রের কর্মকান্ড গতিশীল করা যায় সে লক্ষ্যে সবাই মিলে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, আমরা মৎস্য ও প্রাণিসম্পদকে সমৃদ্ধ করতে চাই। মাছ, মাংস, দুধ, ডিমের উৎপাদন বাড়াতে চাই। এটি দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাবে। আবার এর উৎপাদনকারী নিজের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হবে। মাছ, মাংস, দুধ, ডিমের উৎপাদন, পরিহন ও বিপণন প্রক্রিয়ায় প্রায় এক কোটি মানুষ সম্পৃক্ত রয়েছে।
শ ম রেজাউল করিম/এসকেএম/আরএম















