নিউজ ডেস্ক: পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথম দিন গতকাল শনিবারের অভিযানে অনিয়মের অভিযোগে সারা দেশে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল থেকে ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন বাজারে অধিদপ্তরের চার কর্মকর্তার নেতৃত্বে চারটি দল অভিযান পরিচালনা করেছে। সংস্থাটির জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারাও অভিযান চালিয়েছেন দেশের আরও কিছু জায়গায়।
সব মিলিয়ে সারা দেশে ৫৭টি দল পেঁয়াজের বাজারে অভিযান চালায়। এসব অভিযানে কম দামে কিনে বেশি দামে বিক্রি, রসিদ সংরক্ষণ না করা ও মূল্যতালিকা না টাঙানোর মতো অভিযোগে ১৩৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ ৬ লাখ ৬৬ হাজার টাকা।
অভিযানের ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে ২০০ টাকা পর্যন্ত উঠেছে। এমন খবর আমাদের কাছে এসেছে। এখন আমরা বাজারে বাজারে গিয়ে দেখব, কত দামে এই পেঁয়াজ কেনা ছিল। এক দিনে বাজারে এত মূল্যবৃদ্ধির কথা নয়। আগে কম দামে পেঁয়াজ কিনে এখন চড়া দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। কোনও অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেশী ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি বেড়ে গেছে। গতকাল রাজধানীর মালিবাগ, মগবাজার, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন। বেশির ভাগ বাজারেই দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
কোথাও কোথাও পেঁয়াজের কেজি ২২০ টাকা পর্যন্ত বিক্রি দেখা গেছে। অন্যদিকে আমদানি করা ভারতীয় পেঁয়াজ সর্বোচ্চ ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও একটু কমে পাওয়া গেলেও সেই পেঁয়াজের মান কিছুটা খারাপ। এ ছাড়া চীন থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।
এদিকে দেশের বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ এসেছে। এই সুযোগে এর দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৮০-৯০ টাকা হয়েছে।
পেঁয়াজ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply