৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, সিলেট): মুক্তিযুদ্ধে সিলেটের সীমান্ত এলাকার অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগ নেতা জমিরউদ্দিন প্রধানের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
জোহরের নামাজের পর দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জমির উদ্দিন প্রধান সিলেট অঞ্চলে জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক পরিচিত ও বিশ্বস্তজনের মধ্যে একজন ছিলেন। তার নাম ছিল জমির উদ্দিন। মু্ক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভালোবেসে ও স্নেহ করে ‘প্রধান’ উপাধি দিয়েছিলেন। সেই থেকে তার নামের সাথে যুক্ত হলো জমির উদ্দিন প্রধান। এরপর থেকে সবাই তাকে প্রধান বলে সম্বোধন করতেন।
আরও পড়ুন: সংসদ সদস্য মাহমুদ উস সামাদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান ১৯৮৬ সালে সিলেট ৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নত চিকিৎসার জন্য ২০১৮ সালে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছিলেন।
শোক সংবাদ/আরএম/কিউটি















