৩০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে তার ঋণ শোধ করতে হবে। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর সদরঘাটের নতুন টার্মিনাল ভবনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মানবিক আদর্শ। যাত্রীদের প্রতি মানবিক হতে হবে। আমরা যারা আওয়ামী লীগ করি, তারা বাংলার মানুষের অধিকারের কথা বলি। বাংলাদেশকে ভাল রাখার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের চেষ্টা করছি। ৩০ লাখ শহীদ এবং দু’লাখ সম্ভ্রমহারা মা-বোনের মর্যাদার জন্য রাজনীতি করছি।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাংলার মানুষের জন্য রাজনীতি করে, নিজের জন্য নয়। ১৫ আগস্ট জীবন দিয়ে বঙ্গবন্ধু আমাদের ঋণী করে গেছেন। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার ক্ষমতা বাংলাদেশের নাই। সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে তার ঋণ শোধ এবং আদর্শকে শ্রদ্ধা জানাতে পারব।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে, পদ্মাসেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে, টেকনাফ পর্যন্ত রেললাইন হচ্ছে, এটা বিএনপির অর্ন্তজ্বালা। তাদের জ্বালা আমরা বুঝি। বিশ্বমন্দার সময়ে বাংলাদেশে যারা বিশৃংখলা সৃষ্টি করতে চায়, তারা দেশের পক্ষে, বাংলার মানুষের পক্ষে কথা বলে না। তারা চিন্তা করে- বাংলাদেশ কেন শ্রীলংকার মতো হয় না।
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করেছি। দেশ বিরোধী কোন চক্রান্ত সহ্য করা হবে না। দেশ বিরোধী চক্রান্তকারীদের সমূলে উৎপাটন করা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। মানবতার ইতিহাসে এত বড় জঘন্য অপরাধ আর কখনও সংঘটিত হয় নাই। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















