বিএনপির রাজনীতির সাথীরা দেশকে আফগানিস্তান বানাতে চায়

নিউজ ডেস্ক: বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেয়া, একই কথা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যখন কথা বলে তখন কী করে ভুলি- তাদের হাতে রক্তের দাগ। তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। এটি সেই দল, যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ।

তিনি বলেন, এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে? যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন? এখনও ফখরুল সাহেব বলেন, পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপির সমান ১ ডলার। এই পাকিস্তানও ওনার কাছে ভালো।

খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মা ব্যাটার মধ্যে ঝামেলা আপনারাই তো তৈরি করেছেন। বিএনপির নেতা কে হলো, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতের। তিনি রাজনীতি করতে পারবেন কিনা সে সিদ্ধান্তও আদালতের।

নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, বিএনপি নেতাদের এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এমন মন্তব্য আসোলে ‘ঘোড়ার ডিম’। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করে বিএনপি। ফখরুল সাহেব দম্ভোক্তি করবেন না। বিএনপিরই জামানত বাজেয়াপ্ত হবে।

মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগ সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *