১১ মে ২০২১ (নিউজ ডেস্ক, নীলফামারী): করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সন্দেহে সৈয়দপুরে একটি পরিবারকে লকডাউন করা হয়েছে। তাদের বাড়িতে ওড়ানো হয়েছে লাল পতাকা, স্থাপন করা হয়েছে লকডাউন বোর্ড।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ উপস্থিত থেকে এই ব্যবস্থা নেন। সৈয়দপুরের পুরাতন বাবুপাড়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ এম আলেমুল বাশার জানান, ওই বাড়ির ৩০ বছর বয়েসি আবু রায়হান চিকিৎসার জন্য গতমাসে ভারতে যান। তিনি গত ২৩ এপ্রিল ভারত থেকে ঢাকায় ফেরেন। ঢাকায় থাকা অবস্থায় অসুস্থবোধ করলে ২৭ এপ্রিল করোনা টেস্ট করা হয়। তাতে পজেটিভ রিপোর্ট আসে।
ডাক্তার বাশার জানান, আইসোলেশনের নির্ধারিত সময় অতিক্রম না করেই তিনি সৈয়দপুরে ফেরেন। তার স্ত্রীও করোনা পজেটিভ বলে জানা গেছে।
তিনি বলেন, পরিবারটিকে ১০ মে পর্যন্ত হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে বাড়িটি পূর্ণাঙ্গ লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, ওই পরিবারটি ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সাবধানতা হিসেবে লকডাউন করা হয়েছে।
সৈয়দপুর/এএমএম/আরএম
















Leave a Reply