১৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা ফুটবলার স্যামুয়েল ইতো। বার্সেলোনা ও ইন্টারের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। বার্সায় থাকতে আক্রমণভাগে রোনালদিনিও ও ডেকোর সাথে মিলে ঝড় তুলেছিলেন মাঠে। লিওনেল মেসি, ইনিয়েস্তাদের প্রজন্মের সাথেও খেলেছেন চুটিয়ে। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার গত বছরই শেষ করেছিলেন এই ক্যামেরুনিয়ান ফুটবল তারকা। তবে তিনিই নাকি আবার ফুটবলে ফেরার কথা ভাবছেন।
বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে ইতিহাস গড়ার পরও চেলসিতে খেলেছেন ইতো। লন্ডন ছাড়ার পর তেমন বড় কোনো ক্লাবে খেলেননি। আন্তালিয়োস্পোর, কোনিয়াস্পোর কিংবা কাতার স্পোর্টস ক্লাবের হয়ে ক্যারিয়ারটা লম্বা করে অবসর নিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে। কিন্তু রিয়াল মুর্সিয়ার প্রচেষ্টা সফলতার মুখ দেখলে, ইতোকে আবার দেখা যাবে মাঠে।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার সাথে এককালে স্প্যানিশ লিগে খেলা মুর্সিয়ার ক্লাব এখন নামতে নামতে ঠেকেছে তৃতীয় বিভাগে। তৃতীয় বিভাগের এই ক্লাবই চাইছে, স্যামুয়েল ইতোকে অবসর থেকে ফিরিয়ে আনার জন্য।কোপা দেল রেতে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মুর্সিয়া খেলবে লেভান্তের বিপক্ষে। আগামী মাসের মাঝামাঝি আয়োজিত হতে যাওয়া এই ম্যাচে ইতোকে নিয়েই নামতে চায় মুর্সিয়া। ক্যামেরুন জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে পাওয়ার ব্যাপারে স্প্যানিশ ক্লাবটির সভাপতি মরিস পানিয়েল্লো বেশ আশাবাদী। দুই পক্ষের কথাবার্তা বেশ ভালোই এগিয়েছে। এতটাই যে এর মধ্যেই শহরের অন্যতম প্রধান টিভি চ্যানেল ‘লা ৭’ এর মধ্যে জানিয়ে দিয়েছে, মুর্সিয়ায় খেলার জন্য অবসর ভেঙে ফিরছেন ইতো। যদিও ইতো বা রিয়াল মুর্সিয়া, কেউই আনুষ্ঠানিকভাবে খবরের সত্যতা নিশ্চিত করেনি।
ইতো আসুক বা না আসুক, বেশ পরিচিত কিছু মুখকে দেখা যাবে মুর্সিয়ায়। তাদের মধ্যে রয়েছেন পল পগবার ভাই গিনির ডিফেন্ডার ম্যাথিয়াস পগবা।
ফুটবল/এসকেএম















Leave a Reply