মারা গেছেন সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন

২৭ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক মমতাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

সোমবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার নিজ বাড়িতে তিনি মারা যান।

জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর বরুড়ার শিলমুড়ি ইউনিয়নের সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক ও সাধারন সম্পাদক আলাউদ্দিন আরিফ এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত ও তার পরিবারের সদস্যদের প্রতি তারা গভীর সমবেদনা জানান।

শোক/এসকেএম