রানের পাহাড়ে বাংলাদেশ

২৫ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিয়ম রক্ষার শেষ ম্যাচে ক্যারিবীয় ২৯৮ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আবারও অভিজ্ঞরা প্রমাণ করেছেন তাদের সামর্থ্য। চার সিনিয়র প্লেয়ারই হাঁকিয়েছেন অর্ধশতক। অতিথি বোলারদের প্রাথমিক প্রতিরোধ দেয়াল দুমড়ে মুচড়ে দিয়েছেন তামিম, সাকিব, মুশফিক আর রিয়াদ। এর মধ্যে শেষ তিনজনই করেছেন ৬৪ রান করে।

তৃতীয়বারের মত টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। সোমবার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে জেসন মোহাম্মদ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগারদের।

ইনিংসের প্রথম ওভারে নিজের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন দাস। কোন রান না নিয়েই আলজারি জোসেফকে উইকেট উপহার দেন ওপেনার লিটন।

ওয়ান ডাউনে নেমে ৩০ রানে ২০ রান করেন নাজমুল হোসেন শান্ত। কাইল মায়েসের বলে তিনিও আউট হন এলবিডব্লিউ হয়ে। তার আগে বল বাউন্ডারি ছাড়া করেন দুই বার।

চার নাম্বারে নেমে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন সাকিব। অপর প্রান্তে সিঙ্গেল-ডবলসে ভর করে রানের চাকা সচল রাখেন তামিম। তবে নিজের ইনিংসকে ম্যাজিক ফিগারে পরিণত করতে পারেননি কাপ্তান টাইগার। তিন চার ও এক ছক্কায় ৬৪ রান করেন দেশ সেরা ওপেনার। যোসেফের বলে আকেয়াল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ৮০তম বলে।তার প্রথম ৫০ রান আসে ৭০ বল থেকে।

তামিমের বিদায়ে মাঠে নামেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম। ইতোমধ্যে সাকিবও তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। ৭৮ বলে তিনি হাফ সেঞ্চুরির দেখা পান। ৫১ রানের পর সাকিব ক্রিজ ছাড়েন ৮১ বল মোকাবেলা করে। রেমন রেফারের বলে ক্লিন বোল্ড হন তিনি।

মুশি ৫৫ বলে ৬৪ রান করেছেন। এতে ছিল ৪ বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি। যোসেফের বলে রেফারের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরেন।

সাবেক কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ হার না মানা ৬৪ রান। বল মোকাবেলা করেছেন ৪৩টি। এতে ৪ ও ছয়ের মার ছিল তিনটি করে।

সাতে নামা সৌম্য সরকার ৮ বলে ৭ রানে রান আউটের শিকার হন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দীন ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৯৭ রান। এর মধ্যে শেষ ১০ ওভারে করেছে ১০০ রান। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে করেছে ৫৭ রান।

ক্যারিবিয়ানদের মধ্যে সফল বোলার ছিলেন আলজারি যোসেফ। তিনি ১০ এভারে ৪৮ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। সমান সংখ্যক উইকেট নেন রেমন রেফার। তিনি দুই উইকেট নেন ৬১ রানের বিনিময়ে। আরেকটি উইকেট শিকার করেন কাইল মেয়ারস। তিনি ৭ ওভার বল করে ৩৪ রানে নেন একটি উইকেট।

বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য পয়মন্ত ছিলেন কিয়ন হার্ডিং। ১০ ওভারে বিনা উইকেট দেন ৮৮ রান।

স্বাগতিক বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে। আজকের ম্যাচ জিতে সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্ট নিতে আগ্রহী টাইগাররা।

ওডিআই-৩/এএমএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *