২ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গাদের একটি আশ্রয়শিবিরে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএনের) একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়শিবিরে আই ব্লকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কনস্টেবলের নাম মোহাম্মদ কাউসার। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এপিবিএন সূত্র জানায়, সোমবার রাতে ৮-১০ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হাবিবুল্লাহ নামের এক যুবকের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই যুবক বাধা দেন। তখন তাকে গুলি করে আহত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। একটি সন্ত্রাসী দলের সশস্ত্র অবস্থানের খবর পেয়ে আই ব্লকে অভিযানে যায় পুলিশ। এ সময় মুখোশধারী সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএনের মুখোমুখি হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। তখন কনস্টেবল মোহাম্মদ কাউসার গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
এপিবিএনের ওই ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা শিবিরে অভিযান চলমান। এপিবিএন পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ কাউসারের পেটে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীদের আটকের ব্যাপারে অভিযান এখনও চলছে।
রোহিঙ্গা ক্যাম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD











Leave a Reply