২৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঝালকাঠিতে যাত্রী বোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে লঞ্চে আগুনের ঘটনায় ৬ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে ৩৬ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে রাত ৩টার দিকে দপদপিয়া এলাকায় পৌঁছুলে লঞ্চটিতে আগুন লাগে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, এমভি অভিযান-১০ নামে যাত্রীবাহী লঞ্চটি ঢাকা থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল। রাতে ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে। এ সময় কেবিনের যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply