নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী পাহাড়ি এলাকা থেকে বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে ছোট গজনী এলাকায় আমন ধানখেতে নেমে আসে। এ সময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে বন্যহাতি তাড়ানোর চেষ্টা করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে গেলে একটি বন্যহাতি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বনবিভাগ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণ বিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আল আমিন জানান, মৃত বন্যহাতিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেইসাথে ওই বন্য হাতির মৃত্যুর কারণ জানার জন্য বন্যহাতিটির শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করার পর গর্ত করে মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, বুধবার রাতে রহস্যজনক কারণে বন্যহাতিটি মারা যায়। এর বয়স প্রায় ৩৫ বছর। এটি পুরুষ হাতি। বৃহস্পতিবার দুপুরে বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করে মাটিচাপা দেয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, বন্যহাতিটি কিভাবে মারা গেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।
বন্যহাতি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply