সদস্য নবায়ন ও সংগ্রহের অনুরণনে দল বলীয়ান হয়

নিউজ ডেস্ক: দেশব্যাপী আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী-সমর্থকের হাতে যখন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম দেয়া হয়, তখন তাদের মধ্যে যে অনুরণন তৈরি হয় তা দলকে শক্তি যোগায়। দলের মধ্যে নতুন রক্ত সঞ্চালিত হয়। এমনটাই বলেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও জেলা আওয়ামী লীগের সব সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি যত্নসহকারে করতে হবে। তাহলেই আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও ধস নামানো বিজয় অর্জন করতে পারবো।

অনুষ্ঠানে রংপুর বিভাগের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে কার্যক্রমের সূত্রপাত হয়।

এ সময় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরমগুলো পূরণের পর ৩১ মে’র মধ্যে ফরমগুলোর মুড়ি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে রংপুর বিভাগের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন হাছান মাহমুদ। বলেন, এটি হলে দলের পক্ষে সদস্যদের তালিকা রক্ষণাবেক্ষণে সুবিধা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াও বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *