২২ মে ২০২২ (নিউজ ডেস্ক): বর্তমান পদ্ধতি মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি। পানি ঘোলা করে সময় এলে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে। নিয়মের বাইরে অন্য কোনও পথ নেই। বিএনপিকে নিয়ম মেনেই নির্বাচনে আসতে হবে।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালতের রায়ে জাদুঘরে চলে গিয়েছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এটাই নিয়ম, এর বাইরে অন্য কোনও পথ নেই। বিএনপিকে এ পদ্ধতি মেনেই নির্বাচনে আসতে হবে।
বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথায় শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে কেন। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ তাদেরই (বিএনপি) টপ টু বটম পদত্যাগ করতে হবে। সারা বিশ্বসভায় শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। নির্বাচনে যাবে বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করবেন না। ফখরুল সাহেব, চিৎকার চেচামেচি করে লাভ নেই। ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচনে।
তিনি বলেন, বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে না। বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল। তারা পদত্যাগ করবে। শেখ হাসিনা সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে। এটা মেনেই নির্বাচনে আসতে হবে বিএনপিকে।
মৎস্যজীবী লীগ সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মৎস্যজীবী লীগ সাধারণ সম্পদাক শেখ আজগর নস্কর, মৎস্যজীবী লীগ কার্যকরী সভাপতি মোহাম্মদ সাইফুল আলম মানিক, সহ সভাপতি আবুল বাশার মুহাম্মদ আলম।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply