সরগরম ডিআরইউ

২০ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। তালিকা প্রকাশের পর প্রার্থীদের প্রচারণায় গতি পেয়েছে। সরগরম অবস্থা ডিআরইউ প্রাঙ্গণে। নির্বাচনের পুরো ফোকাসটাই সভাপতি পদ ঘিরে। অন্যান্য পদে আলোচনা কম।

বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ। সদস্য হিসেবে আছেন মনজুরুল আহসান বুলবুল ও শাহজাহান মিয়া।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি), শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো) ও মুরসালীন নোমানী (বাসস)।

সহ-সভাপতি পদে প্রার্থী বর্তমান সহ-সভাপতি নজরুল কবীর (দেশ টিভি)। প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল বাশার নূরু (আমাদের অর্থনীতি) ও ওসমান গণি বাবুল (বাহাত্তর টিভি)।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী তিনজন। দৈনিক সমকালের মসিউর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন চ্যানেল আইয়ের মোরসালীন বাবলা ও খোলা কাগজের তোফাজ্জল হোসেন।

সর্বোচ্চ প্রার্থী যুগ্ম সম্পাদক পদে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এরা হলেন, ফারুক খান (বাংলাদেশ কণ্ঠ), মেহেদী আজাদ মাসুম (দৈনিক জাগরণ), গোলাম জয়নুল আহসান (বাংলাভিশন), আরাফাত দাড়িয়া ও হাফিজ আল আসাদ।

অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শাহ আলম নূর (ডেইলি ইন্ডাস্টি) ও শ্যামল কান্তি নাগ (হলি নিউজ)।

সাংগঠনিক সম্পাদক পদে সংবাদ প্রতিদিনের আবদুল হাই তুহিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের সময়ের আব্দুল্লাহ আল ক্বাফি ও ইনকিলাবের মইনুল হাসান সোহেল।

দফতর সম্পাদক পদে আমাদের নতুন সময়ের জান্নাতুল ফেরদৌস পান্নার প্রতিদ্বন্দ্বী মুক্তিযুদ্ধবিরোধী জামাতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের জাফর ইকবাল।

তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে দৈনিক জাগরণের হালিম মোহাম্মদের প্রতিদ্বন্দ্বী কামাল মোশারেফ (বাংলাদেশের খবর)।

ক্রীড়া সম্পাদক পদে বর্তমান ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের (কালবেলা) প্রতিদ্বন্দ্বী ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা।

রাইজিং বিডি’র মোহাম্মদ নঈমুদ্দীন প্রার্থী হয়েছেন আপ্যায়ন সম্পাদক পদে। তার বিপরীতে আছেন মুক্তিযুদ্ধবিরোধী জামাতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের মুহাম্মদ আখতারুজ্জামান।

নির্বাহী সদস্যের সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। এরা হলেন, ঢাকা টাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ), বাংলাদেশ টেলিভিশনের নার্গিস জুঁই ও মাহবুবুর রহমান, ভোরের কাগজের রুমানা জামান, নিউ নেশনের রফিক রাফি, মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ ও মোহাম্মদ ছলিমউল্লাহ (মেজবাহ), দৈনিক বাংলার সায়ীদ আবদুল মালিক এবং বিজনেস স্ট্যান্ডার্ডের এসএম জসিম।

এছাড়া তিন জন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, নারী বিষয়ক সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরটিভির মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে নয়াদিগন্তের খালিদ সাইফুল্লাহ।

উল্লেখ্য, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন না।

আগামী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর হবে বার্ষিক সাধারণ সভা। ডিআরইউ’র বর্তমান কমিটি সাফল্যের সাথে সংগঠনের রজতজয়ন্তি উৎসব উদযাপন করেছে। আগামী কমিটি উদযাপন করবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি।

ডিআরইউ/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *