১৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, তারা (বিএনপি) এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এই বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় এলে এদেশ আবারও রক্তের বন্যা বইয়ে দিবে। বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে।
তিনি বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চলছে পরিকল্পিত মিথ্যাচার। যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারিদের নাম কেন্দ্রে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানান ওবায়দুল কাদের। বলেন, যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে। সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের আদর্শকে বিসর্জন না দিয়ে, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। যে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন কোন কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply