সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এই লড়াই অব্যাহত থাকবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও বাংলাদেশের রাজনীতিকে নখের আঘাতে জর্জরিত করছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আজকে আমরা অসম্প্রদায়িক, মানবতাবাদী চেতনা এক।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কি-না? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন সংশয়ের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা দেশে বিরল ঘটনা। তিনি মনে প্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম, সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তার সম্পর্কে আমি এটুকু বলতে চাই, বাকিটা তার কর্মের দ্বারা তিনি প্রমাণ করবেন।

শেরে বাংলা একে ফজলুল হক একজন খাঁটি বাঙালি ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফজলুল হক ছিলেন অবিভক্ত মূখ্যমন্ত্রী। তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন। তার সবচেয়ে বড় অবদান এ দেশের কৃষক সমাজের জন্য, প্রজাতন্ত্র আইন পাস করেছেন। ঋণ সালিশি বোর্ড গঠন করে বাংলার ঋণে জর্জরিত কৃষক সমাজকে স্বস্তি দিয়ে গেছেন। তার এই অবদান বাংলার শ্রমজীবী কৃষক এখনও ভুলতে পারে না। শেরে বাংলাকে মনে পড়লে তার অবদানের কথা মনে পড়ে। তিনি কিছু কথা বলে গেছেন যেটা আমরা স্মরণ করতে পারি।

তিনি বলেন, শেরে বাংলাকে আমরা অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী নেতা, মানবতাবাদী নেতা হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনায় তিনি কাজ করে গেছেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *