সুশাসন যাদুঘরে, গণতন্ত্র কফিনে

৩১ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের সুশাসন এখন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি। নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। পঙ্গু ও বিকালঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যর্থতার স্বাক্ষর রাখছে।

তিনি দাবি করেন, প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরী হচ্ছে। নির্বাচন কমিশন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের পরিবেশ ভুলণ্ঠিত করেছে, যেমনটা করেছিলো বিএনপির সন্ত্রাসীরা। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে না।

রোববার দুপুরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নতুন আহবায়ক কমিটির নেতারা রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা দলীয় প্রতিষ্ঠাতা এরশাদের আত্মার শান্তি কামনা করেন।

এরপর পল্লী নিবাস চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে। দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। তার ওপর করোনাকালে আরও দেড় কোটি মানুষ কাজ হারিয়েছেন। তাই দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের যুগ ফিরে পেতে চায়। তারা আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। এরশাদ দেশে উন্নয়ন ও সুশাসন এক সাথে নিশ্চিত করতে সমর্থ হয়েছিলেন।

বাবলু বলেন, জাতীয় পার্টির আমলে যমুনা ব্রীজ, কর্ণফুলী ব্রীজসহ অসংখ্য ব্রীজ ও পাকা সড়ক নির্মিত হয়েছে। মহাখালী ফ্লাইওভারের কাজ এরশাদ শাসনামলেই শুরু হয়েছিলো। শত বছরের ইংরেজদের উপনিবেশিক ব্যবস্থা ভেঙে উপজেলা পরিষদ নির্মাণ করে মানুষের মৌলিক অধিকার দোড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। এলজিইডি প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে অসাধারণ উন্নয়ন নিশ্চিত করেছিলেন।

সমাবেশে জাতীয় যুবসংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, এসএম ইয়াসির, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল ও সদস্য সচিব আহাদ ইউ শাহীনসহ অন্যরা।

জাপা/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *