করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধা পেরিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছার জন্য আর্লাহর কাছে প্রার্থনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। একই সাথে শোকের মাস আগস্টের প্রথম দিনে তিনি প্রত্যাশা করেন হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক।
সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঈদের জামাত শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ত্যাগের শিক্ষা নিয়ে এবারের ঈদুল আযহা এমন এক সময়ে এসেছে, যখন সারা বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত। এ সময় দেশবাসী ও সমগ্র দুনিয়ার মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছি।
করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে দেশকে নেতৃত্ব দিয়ে চলছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা, তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি।
দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে… বিএনপি’র এমন মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের সামর্থ্য সীমিত থাকলেও বঙ্গবন্ধু কন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই এমনকি প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়েও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যদি ঠিকভাবে কাজ করতে না পারতেন, তাহলে তো মৃত্যুর হার আরও বেশি হতো।
ঈদের দিনে বাদানুবাদের রাজনীতি থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতাদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
















Leave a Reply