২৪ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): আগের দিনের দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাস টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে জুটি আরও বড় করার আভাস দেন। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাও স্থায়ী হলো না তাদের জুটি। লিটনকে আউট করে জমে যাওয়া এই শক্ত জুটি ভাঙেন কাসুন রাজিথা। এরপরও বাকিদের নিয়ে মুশফিকের লড়াইয়ের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রানে থেমেছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত মুশফিক নিজে খেলেছেন ১৭৫ রানের ইনিংস। ৩৫৫ বলে তার ইনিংস সাজানো ছিল ২১টি বাউন্ডারি দিয়ে।
এ ছাড়া আগের দিন থিতু হয়ে যাওয়া লিটন খেলেছেন ১৪১ রানের ইনিংস। ২৪৬ বলে তার ইনিংস সাজানো ছিল ১৭ বাউন্ডারি দিয়ে।
মাঝে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি দীর্ঘদিন পর ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। তাইজুল কিছুটা সঙ্গ দিয়েছেন মুশফিককে। ৩৭ বলে দুই বাউন্ডারিতে ১৫ রান করেন তিনি। খালেদ আহমেদ রানের খাতা খুলতে পারেননি। থিতু হওয়ার চেষ্টা করে ইবাদতও শেষ পর্যন্ত আউট হয়েছেন শূন্যতে।
এর আগে টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৭৭ রান। বাকিটা আজ স্কোরবোর্ডে যোগ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
গতকাল সোমবার লিটন-মুশফিকের সেঞ্চুরিতে ঢাকা টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভার রাজিথার ফুল লেন্থের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চান মাহমুদুল হাসান জয়। কিন্তু, তাকে ফাঁকি দিয়ে বল গিয়ে আঘাত করে স্টাম্পে। শূন্যতেই শেষ হয়ে যায় তরুণ এ ওপেনারের ইনিংস।

জয়ের ধাক্কা না সামলাতেই হতাশায় ডোবান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। আসিথা ফার্নান্দোর বলে ফ্লিক করার চেষ্টা করেন তামিম। ব্যাটের কোনায় লেগে বল যায় পয়েন্টে। দারুণ ক্যাচ নিয়ে তামিমকে শূন্যতে বিদায় করেন জয়াবিক্রমা। দুই ওপেনারকে হারানোর চাপ সামলাতে পারেননি মুমিনুল হকও। প্রতিপক্ষকে উইকেট তুলে দিয়ে ৯ রানে বিদায় নেন অধিনায়ক। ১৬ রানে তিন উইকেট হারানোর চাপের মধ্যেই নাজমুল হাসান শান্ত ও সাকিব আল হাসানকেও হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৪ রান তুলতে ৫ উইকেট হারিয়ে খুব বিপদে পড়ে বাংলাদেশ।
প্রথম সেশনে মোট ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৫ রান তোলে বাংলাদেশ। তবে প্রথম ঘণ্টার ধাক্কা সামলে নিয়েই জুটি গড়েন মুশফিক ও লিটন দাস। দুজন মিলে ষষ্ঠ উইকেটে গড়েন রেকর্ড জুটি, ভাঙেন ১৫ বছর আগের রেকর্ড।
এরপর দিনের তৃতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন দুজন। সেঞ্চুরির পর দিনের বাকি সময় বেশ নির্ভার হয়েই খেলেন মুশফিক-লিটন। কোনও উইকেট হারাতে না দিয়ে অবিচ্ছেদ্য থেকেই প্রথম দিন পার করেন দুই ব্যাটসম্যান।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply