নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৫০টি।
শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। আর সকাল সাড়ে ৯টা দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।
ফলাফলে দেখা গেছে, এ বছর ২৯ হাজার ৭১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। অন্যদিকে ৪৮টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯।
গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।
এসএসসি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply