২০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আপাতত কোনও ঋণ নেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, তবে প্রয়োজন হলে দেশের স্বার্থে ঋণ নেয়া হবে।
বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমাদের কাছে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফ থেকে আসেনি। আমরাও আইএমএফকে কোনও ধরনের অর্থ চেয়ে প্রস্তাব পাঠাইনি। সুতরাং এগুলো যখন আসবে আপনারা জানতে পারবেন। ঋণ আমাদের প্রয়োজন থাকলে নেব। আমাদের এ মুহূর্তে কোনও প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় অবশ্যই নেয়া হবে। সেটা দেশের স্বার্থেই নেব। আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনও কিছু করব না।
মুস্তফা কামাল বলেন, রিজার্ভের বিষয়টি হলো বিভিন্ন দেশ যেভাবে হিসাব করে থাকে আমরাও সেভাবেই হিসাব করেছি, এটি সেভাবেই হিসাব করে যাবো। আইএমএফ আমাদের যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে সে পরিমাণ টাকা কি তারা পায়নি? তারা বলতে পারবে না একদিন পরে তাদের টাকা পেমেন্ট করেছি। সুতরাং যে সমস্ত ঋণ আমাদের দিচ্ছে বা দিবে সে সমস্ত বিষয় নিয়ে তারা নিশ্চিন্ত থাকবে। আমরাও তাদের বার বার আমাদের দিক থেকে আশ্বস্ত করেছি, আমাদের ঋণ দিলে তাদের কখনও সেটা মাফ করতে হবে না। আমাদের ঋণ শোধের সক্ষমতা ভালো। আমরা সবসময় তা সময়মত পরিশোধ করে আসছি। পরিশোধে আমরা কখনও দেরি করিনি।
বর্তমানে আইএমএফ’র একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে রয়েছে।
অর্থমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply