নিউজ ডেস্ক
শিশাদূষণের কারণে দেশে নীরব জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। শিশু, শ্রমিকসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে শিশার মারাত্মক প্রভাব থেকে রক্ষা করতে এই কৌশলপত্র প্রণয়নকে একটি অপরিহার্য জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। কৌশলপত্রের মাধ্যমে সারাদেশে শিশার সংস্পর্শ হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
মঙ্গলবার ২ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত “মাল্টিসেক্টরাল স্টিয়ারিং কমিটি”-র সভায় খসড়া কৌশলপত্র পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে স্ব-স্ব কর্মপরিকল্পনা অন্তর্ভুক্তির নির্দেশনা প্রদান করা হয়। সভাপ্রধান ছিলেন সচিব ডক্টর ফারহিনা আহমেদ।
কৌশলপত্রে শিশাযুক্ত রঙ, রান্নার সরঞ্জাম, খেলনা ও শিল্পজাত পণ্য এবং অনুমোদনহীন ব্যবহৃত শিশা-অ্যাসিড ব্যাটারি পুনর্ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার উল্লেখ থাকবে। ই-রিকশাসহ ব্যাটারি-চালিত যানবাহনের দ্রুত বিস্তারের ফলে সৃষ্ট ই-বর্জ্য প্রবাহকে গুরুতর পরিবেশগত ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনাও কৌশলপত্রে অন্তর্ভুক্ত করা হবে।
বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার চলমান প্রচেষ্টাকে একীভূত করে একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করাই কৌশলপত্রের মূল উদ্দেশ্য। এই কর্মপরিকল্পনায় গুরুত্ব দেয়া হবে স্বাস্থ্য পরীক্ষা, পাঠ্যক্রম সংশোধন, শিল্প নীতিমালা, শ্রম সুরক্ষা, পরিবেশগত নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা।
সভায় সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জাতীয় কৌশলপত্রটি চূড়ান্ত হলে দেশের শিশু ও শ্রমিকসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে শিশার ক্ষতিকর সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। এটি একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (পরিবেশ) ডক্টর ফাহমিদা খানম; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর কামরুজ্জামান; উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) সিদ্ধার্থ শংকর কুণ্ডু, শিশাদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা সাবরিনা রহমান। এছাড়াও স্বাস্থ্য, শ্রম, কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পিওর আর্থসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
শিশাদূষণ/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD
















Leave a Reply