আত্মঘাতি হামলায় প্রাণহানি

১০ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি পুলিশ স্টেশনে এক আত্মঘাতি বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

রোববার রাজধানীর দক্ষিণে সন্ধ্যায় ব্যস্ত মাকা আল মুকারাম সড়কের ওয়াবেরি স্টেশনে এ হামলা চালানো হয়।

সোমালি পুলিশ কমান্ডার ইব্রাহিম মোহাম্মেদ জানান, বিস্ফোরণটি ছিল ভয়াবহ এবং এর ফলে ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে যায়।

পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে জানান, বিস্ফোরণে ছয় ব্যক্তি প্রাণ হারিয়েছে। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক ও দুই জন পুলিশ কর্মকর্তা। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন।

বিস্ফোরণের পর পুলিশ ব্যস্ত সড়কটি বন্ধ করে দেয়।

আল শাবাব গ্রুপ এ হামলার দায় স্বীকার না করলেও আল কায়দার সাথে যুক্ত জঙ্গিরা নিয়মিতই সোমালিয়ার রাজধানীতে হামলা চালায়।

সোমালিয়ার ফেডারেল সরকারের পতন ঘটানোর জন্যে ২০০৭ সাল থেকে আল শাবাব গ্রুপ দেশটির সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

বিস্ফোরণ/এসকেএম