কেনিয়ায় বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার একটি ব্যস্ত মহাসড়কে ট্রাকের সাথে দেশটির শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ৪২ জন।

প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর: এএফপি।

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, কেনিয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে করে উপকূলীয় শহর মোম্বাসায় যাওয়ার পথে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) দূরে মংগুতে সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মোটর গাড়ির একটি বহরকে ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ডানদিকে ছিটকে পড়ে। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল।

কেনিয়ার রেডক্রস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক ট্যুইটার) দেয়া এক বার্তায় বলেছে, আহতদের পার্শ্ববর্তী শহর ভইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালানোয় পূর্ব আফ্রিকার এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, কেনিয়ায় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩২৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৬১ জন আহত হয়েছেন। যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম।

কেনিয়া/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *