ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের দেয়া ১৫৭ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দুরন্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ দুই ফরম্যাটেই বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। টাইগারদের হাতে ছিল আরও ১২ বল।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও রনি তালুকদার। দীর্ঘ ৮ বছর পর দলে সুযোগ পাওয়া রনি প্রথম বলেই চার হাঁকিয়ে ফেরাটা রাঙান। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি।

দারুণ ব্যাটিংয়ে প্রথম ৩ ওভারে ৩২ রান যোগ করেন লিটন ও রনি। তবে চতুর্থ ওভারে এসেই প্রথম ছন্দপতন। লেগস্পিনার আদিল রশিদের মুখোমুখি প্রথম বলেই বোল্ড হন রনি। গুগলিতে পরাস্ত হওয়ার আগে তিনি ২১ রান করেন।

পরের ওভারে সাজঘরে ফেরেন লিটন দাস। জোফরা আর্চারকে পুল করতে গিয়ে ১২ রানে ক্রিস ওকসের তালুবন্দী হন এ ওপেনার। এরপর নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মিলে দলকে এগিয়ে নিতে থাকেন।

উইকেটের চারদিকে বাহারি সব শটে ২৭ বলে অর্ধশতক পূরণ করেন শান্ত। ফিফটির পরই ৫১ রানে আউট হন এ ব্যাটসম্যান। এর আগে ২৪ রানে আউট হন এ ম্যাচে অভিষিক্ত হৃদয়।

বাকি সময় আর কোনও ভুল না করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন সাকিব ও আফিফ হোসেন। ইনিংস শেষে দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৪ ও ১৫ রানে।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৫৬ রানে থামে ইংল্যান্ড।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *